এইযে আমি কবিতার কথা বলি,
কবিতা তো এমন—
শীতের রাতে ফুটপাতে
ঘুমিয়ে থাকা মানুষগুলি।
কবিতা তো এমন—
রাত করে ঘরে ফেরা
কোনো এক নারীর জীবন,
জীবিকার তাগিদে পুরুষ
রাত প্রহরী।
এইযে আমি কবিতার কথা বলি,
কবিতা তো হরেকরকম—
যেমন ‘বেদনার কাব্য,
প্রেমের ছবি,
যুবতী নারীর রংঢং
চোখের কাজল
অপলক চাহনি।
কবিতার কথাই বলি,
জগন্নাথের মোড় থেকে
মোটরবাইকে চড়ে
শেওড়াপাড়া আসতে আসতে—
রাতের শহরের কতশত দৃশ্য
দুই নয়নে আঁকে কবি।
কবিতা তো এমন—
যেমন ‘শীতের রাতে
করছে কেউ ট্রাফিক নিয়ন্ত্রণ,
কবিতা তো এমন—
শীতের রাতে নিরাপত্তা দিচ্ছে প্রশাসন।
কবিতা মানেই দুঃখ
কবিতা মানেই যন্ত্রণা
কবিতা মানেই সুখ, শান্তি
কবিতা মানেই পাওয়া না পাওয়া
কবিতা মানেই হাহাকার
কবিতা মানেই চিৎকার,
কবিতা মানেই
সন্তানের মুখে মায়ের ডাক—
মা, মা।
কবিতা মানেই যার জন্ম আছে
মৃত্যু নেই
শেষ নেই
আছে শুধু দাঁড়িকমা।
কবিতা মানেই
আমৃত্যু জন্ম স্বাদ,
কবিতা মানেই এমন—
না থামা,
কবিতা মানেই
জীবনযুদ্ধে বীর আমার পিতা।
এজন্যই কবিতার কথা বলি,
দুই নয়নে শব্দের ছবি আঁকি
প্রেমের ছবি আঁকি
কবিতাকে ভালোবাসি।
কবিতা হচ্ছে মেঘের মতোন
কবিতা হচ্ছে নিজের মতোন
কেউ নই কবিতার মতোন,
সবশেষে কবিতা থাকে
কবি থাকে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন